হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজি মামলায় দুই ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার মধ্যরাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াপাড়া ইউনিয়নের চা শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দ অনুদানের ৫ হাজার টাকা স্থানীয় ইউপি সদস্যের কাছ থেকে টোকেন নিয়ে ব্যাংক থেকে উত্তোলন করতে হয়। প্রতিটি টোকেনের জন্য ইউপি সদস্যের লোকজন জোর করে ৫০০ টাকা আদায় করে আসছিল।
এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে ৫ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মাধবপুর থানায় মামলা করা হয়। ওই মামলায় মঙ্গলবার রাতে নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল চন্দ্র রেলী, তার ছেলে লিটন রেলী ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য দুলাল ঘোষকে গ্রেপ্তার করা হয়।
