ঢাকার মতো নোংরা শহর কোথাও নেই : গণপূর্তমন্ত্রী

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৫:৪৪ এএম

ঢাকার চেয়ে অনেক পুরনো শহর বিশে^র বিভিন্ন দেশে আছে, কিন্তু ঢাকার মতো এত নোংরা শহর কোথাও নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ‘আমরা শুধু পরিকল্পনা আর কর্মশালা করি, কিন্তু এর বাস্তবায়ন হয় না।’

গতকাল বৃহস্পতিবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অডিটরিয়ামে ‘লালবাগ ও হাজারীবাগ এলাকার জন্য জলবায়ুসহিষ্ণু সবুজ কর্মপরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘২০১১ সাল থেকে হাজারীবাগ ও লালবাগের সবুজ উন্নয়নের আলোচনা শুনছি। এখনো চলছে, কিন্তু আপনারা (রাজউক) কাজটি বাস্তবায়ন করবেন কবে? আমরা কীসের পরিকল্পনা করি যে পরিকল্পনার অগ্রগতি নেই, এসব পরিকল্পনার দরকার কী?’

রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নবীরুল ইসলাম। এ ছাড়া জার্মান উন্নয়ন সংস্থা (জিআইজেড) বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মিস মার্টিনা বারকার্ড, প্রকল্প পরিচালক ও রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম, ত্রয়ী অ্যাসোসিয়েটের টিম লিডার মোহাম্মদ ফজলে রেজা সুমন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাবেক সভাপতি অধ্যাপক আকতার মাহমুদ বক্তব্য দেন।

কর্মশালায় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘মাঠের কাজ রাজনীতিবিদরা করেন না, যারা সরকারি কর্মকর্তা তারাই করেন। আমাদের সময় তো চলে যাচ্ছে, কবে আমরা গ্রিন ঢাকা করব? ১৯৯৬-৯৭ সাল থেকে হাজারীবাগ নিয়ে আলোচনা শুনছি। কিন্তু এ সময়ের মধ্যে পুরান ঢাকার ক্ষতি যা হওয়ার হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘আমি চাই এ বছর শেষ হওয়ার আগে এ প্রকল্পের কাজ শুরু করে দিন। শুরু হলে কাজ কিছু হবে। কিন্তু শুধু পরিকল্পনার মধ্যে থাকলে কাজ হবে না।’

মন্ত্রী বলেন, পূর্বাচলের প্লট পেয়েছেন যাদের অনেকেই এখন মারা গেছেন। কিন্তু পূর্বাচলে এখনো কাজ চলমান। এটা কবে শেষ হবে? তিনি দুটি জায়গায় সমস্যা রয়েছে উল্লেখ করে বলেন, ‘এক হচ্ছে আমাদের দেশপ্রেম চলে যাচ্ছে এবং অন্যটি হচ্ছে আমরা আমাদের দায়িত্বের প্রতি খেয়াল দিই না।’

প্রকল্প সূত্রে জানা গেছে, জিআইজেড এবং সিটি ক্লাইমেট ফিন্যান্স গ্যাপ ফান্ডের সহায়তায় রাজউক হাজারীবাগ ও লালবাগ এলাকায় সমীক্ষার মাধ্যমে কর্মপরিকল্পনাটি প্রণয়ন করেছে। ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের পর ১১৩ একর জুড়ে বিস্তৃত হাজারীবাগ এলাকাটি এখন অব্যবহৃত। এলাকাটিকে টেকসই এবং বাসযোগ্য এলাকায় রূপান্তরের জন্য রিজেনারেশন প্রকল্পের অধীনে ট্যানারি মালিকদের জমি অধিগ্রহণ, দূষিত মাটি পরিষ্কার এবং একটি নতুন মিশ্র-ব্যবহারের উন্নয়ন তৈরি করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত