নরসিংদীর মাধবদীতে যাত্রীর ছদ্মবেশ মো. নুরুল ইসলাম (৫০) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে নরসিংদীর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলো, মাধবদী থানার পাথরপাড়া গ্রামের বাচ্চু মিয়া (২৭), বালুসাইর গ্রামের সোহেল মিয়া (৩২), পাথরপাড়া গ্রামের হৃদয় (২৭) ও নবী হোসেন (৩৫)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানায়, গত ১৫ জুন মাধবদী থানার ভাটপাড়ার নুরুল ইসলাম তার ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে ১৬ জুন সকালে মাধবদীর দামের ভাওলা এলাকার একটি গাছের সঙ্গে গামছা দিয়ে বাঁধা নুরুল ইসলামের মৃতদেহ পায়। এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি বেগম মাধবদী থানায় হত্যা মামলা দায়ের করেন।
