কৃষি আবহাওয়া তথ্য বোর্ডে নেই তথ্য, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০২:০১ এএম

বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহসহ কৃষিকাজে সুবিধার জন্য আবহাওয়ার আগাম তথ্য জানতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সাত ইউনিয়ন পরিষদ ভবনে ‘রেইন গেজ মিটার’ স্থাপন করা হলেও তা কোনো কাজে আসছে না। সেখানকার তথ্য বোর্ডে কোনো তথ্য নেই। গত চার বছর ধরে অযত্নে-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে পরিমাপক যন্ত্র।

উপজেলার কৃষি বিভাগ সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে কৃষকদের আগাম আবহাওয়ার তথ্য জানাতে উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে সাত ইউনিয়ন পরিষদ ভবনে পৌনে ২ লাখ টাকা খরচ করে ‘রেইন গেজ মিটার’ নামের যন্ত্র বসানো হয়। এই যন্ত্র দেখাশোনার জন্য উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়।

তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, এ ব্যাপারে স্থানীয় কৃষকদের কোনো ধারণা নেই। তারা কখনো ইউনিয়ন পরিষদে গিয়ে আবহাওয়ার তথ্য জানেননি। এমনকি পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যরাও আবহাওয়ার পূর্বাভাসের খবর জানেন না। দীর্ঘদিন ধরে পড়ে থেকে যন্ত্রপাতি নষ্ট হওয়ার উপক্রম।

হামিদপুর ইউনিয়নের পাতরাপাড়া গ্রামের কৃষক মোশারফ হোসেন বলেন, ‘কবে, কখন আবহাওয়ার পূর্বাভাস যন্ত্র ইউপি ভবনে স্থাপন করা হয়েছে, তা আমরা জানি না।’

উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান বলেন, প্রায় চার বছর ধরে যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে। কৃষি বিভাগের অবহেলার কারণে সময়োপযোগী কৃষিবান্ধব এ প্রকল্পটি মুখ থুবড়ে পড়ছে।

হাবড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুজ্জামান সরকার বলেন, বছরে একবারের জন্যও কেউ এই যন্ত্রের খোঁজখবর নেয়নি। এমনকি কৃষি বিভাগের জন্য নির্দিষ্ট একটি অফিস কক্ষ থাকলেও কোনো কর্মকর্তা এর খবর নেননি।

হামিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজওয়ানুল হক বলেন, অনেক আগেই আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার যন্ত্র ইউপি ভবনে স্থাপন করা হয়েছে। কিন্তু কেউ আবহাওয়ার খবর জানতে আসেন না।

মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, যন্ত্রটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। তা চালুর বিষয়ে কৃষি বিভাগ কোনো উদ্যোগ নিচ্ছে না।

এ ব্যাপারে জানতে চাইলে পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হাসান বলেন, উপজেলার সব রেইন গেজ মিটার নষ্ট হয়নি। তবে কয়েকটি ইউনিয়নের যন্ত্রপাতি ভেঙে গেছে। সেগুলো মেরামত করে শিগগিরই সচল করা হবে। তাছাড়া এখন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কৃষকদের আবহাওয়ার বিষয়ে অবগত করা হয়ে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত