আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘ঢাকা বিশ^বিদ্যালয়ে শিক্ষার্থীরা যেভাবে পুলিশের ব্যারিকেড ভেঙেছে, যেভাবে হুলস্থুল করেছে, সেভাবে আমরা ব্যারিকেড ভাঙতে পারিনি।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে যুগপৎ আন্দোলনের ৩১ দফা ও এক দফা ঘোষণার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মান্না এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মানুষ তখনই লড়াই করতে আসে, যখন সে মনে করে এই লড়াই তাকে কিছু দেবে।’ নাগরিক ঐক্যের প্রধান বলেন, ‘আমাকে অন্তত তিনজন ফোন করে বলল, দেখেন কীভাবে ছাত্ররা ব্যারিকেড ভাঙছে। পুলিশ প্রচ- নির্যাতন করেছে কুমিল্লাতে, হামলা করেছে চট্টগ্রামে, বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়েছে, ছাত্রলীগ পাল্টা মিছিল করেছে। তারপরও ছাত্ররা জানবাজি রেখে লড়াই করেছে, পুলিশ পরাজিত হয়েছে। এই ছাত্রদের মুখে আমরা যে সংস্কারের কথা বলছি, সেই সংস্কারের দাবি নেই। ওই ছাত্রদের কর্মসূচির মধ্যে খালেদা জিয়ার মুক্তির দাবি নেই। কেন নেই বলেন তো? ওরা ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতি থেকে আলাদা দেখতে চায়?’
