সরকার যেভাবে রাষ্ট্র চালাচ্ছে, এতে আগামী দিনে বাংলাদেশে মেধাবীদের কোনো সুযোগ নেই, দেশকে এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মনে করেন, মেধাবীদের বাদ দিয়ে দেশ চালানো হচ্ছে বলেই অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দেশ ডুবছে। এমনকি জলাবদ্ধতায় ঢাকা ডুবছে।
গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ মন্তব্য করেন।
যুগপৎ আন্দোলনের ৩১ দফা ও এক দফা ঘোষণার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খসরু বলেন, ‘আমার মনে হয় না বাংলাদেশকে তারা মেধাবীদের রাষ্ট্র হিসেবে দেখতে চায়। কারণ মেধাবীরা সত্যি কথা বলে, সত্যের পথে চলে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে।’
তিনি বলেন, ‘সকালের বৃষ্টিতে ঢাকার বিভিন্ন স্থান ডুবে গেছে। ঢাকা শহর তো ডুববেই। কারণ মেধাবী লোকজন তো কোথাও নেই।
যারা পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত বিভিন্ন কাজ করে, সেখানে মেধাবী লোকদের নিয়ে আসতে হবে। দলীয় লোকজন দিয়ে যদি চালানো হয়, তাহলে ঢাকা ডুববে, সারা বাংলাদেশ ডুববে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে তো এমনিতেই দেশ ডুবে গেছে, এখন শুধু পানির ডুবা দেখতে পাচ্ছেন। সবদিক থেকে বাংলাদেশ ডুবে গেছে।’
কোটা সংস্কারের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আসুন কোটা সংস্কার আন্দোলনের মতো দেশে ভোট ও গণতন্ত্রের জন্যও লড়াই করি।’
