আইনশৃঙ্খলার অবনতি ঘটালে বরদাশত করা হবে না বলে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের হুঁশিয়ার করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, ‘আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্যবাধকতা রয়েছে। আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম কেউ যদি করে তবে সেটি বরদাশত করা হবে না।’ গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ক্যাব চত্বরে আয়োজিত ‘ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৪ ও ফল উৎসব’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি প্রধান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিষয়টি আদালতের। আদালতের প্রতি সবার আস্থা রাখা ও শ্রদ্ধা-সম্মান থাকা উচিত। আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্যবাধকতা রয়েছে। সেটি সবার করা উচিত বলে আমি মনে করি।’
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকরা সব সময় সত্য প্রকাশে সচেতন ছিলেন। বিভিন্ন সময় দেশে-বিদেশে অপপ্রচার হয়েছে, সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরেছেন।’
বৈরি আবহাওয়া ও জলাবদ্ধতা উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সাংবাদিক ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান। একই সঙ্গে স্পোর্টস ফেস্টিভ্যালে স্পন্সর করায় ওয়ালটনকে ধন্যবাদ জানান তিনি।
