শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, সারা দেশের সার কারখানাগুলোতে গ্যাসের সংকট থাকলেও সারের কোনো ঘাটতি হবে না। চাহিদা অনুযায়ী কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করে সার উৎপাদনের মাধ্যমে কৃষকের চাহিদা মেটানো হবে।
গতকাল শনিবার দুপুরে নরসিংদীর পলাশে এশিয়ার সর্ববৃহৎ ঘোড়াশাল-পলাশ সার কারখানার নিয়মিত কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সারা দেশেই গ্যাসসহ জ¦ালানি সংকট রয়েছে। সেসব বাধা পেরিয়ে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর। অচিরেই সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ।’
মন্ত্রী আরও বলেন, ‘সাত মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোড়াশাল-পলাশ সারকারখানাটি উদ্বোধন করেছেন। এটি একটি আধুনিক ও পরিবেশবান্ধব সার কারখানা। বর্তমানে এর উৎপাদন চালু রয়েছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদীর সংরক্ষিত নারী সংসদ সদস্য মাসুদা সিদ্দিকি রোজী, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ।
