আন্দোলনকারীদের ভুল পথে নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৭:৪৭ এএম

কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উসকানিদাতা বেড়ে যাচ্ছে এবং তাদের ভুল পথে ধাবিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ভুল পথে নেওয়ার লোকের অভাব নেই। সেই ধরনের ঘটনাই ঘটছে।

গতকাল রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের কারা উসকানি দিয়েছে, কারা দায়ী সবগুলো বিষয় তদন্তের পর বলা যাবে। যেহেতু একটি ঘটনা ঘটেছে, সেটি তদন্ত হবে। তদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। তদন্তের আগে আমি কিছু বলতে পারছি না।’

মামলা তুলে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন কোটা আন্দোলনকারীরা, সে ক্ষেত্রে আপনাদের অবস্থান কী সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে। মামলা তদন্তের পর যদি এটার মেরিট না থাকে, তাহলে অটোমেটিক বাতিল হয়ে যাবে। এখানে ২৪ ঘণ্টা, ১০ দিন, ২৪ দিন এগুলোর কোনো প্রশ্ন আসে না। তদন্তে যদি মামলার মেরিট থাকে, তবে বিচারব্যবস্থা শুরু হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত