যে কারণে মাঠে নেমেছে ছাত্রলীগ, জানালেন ইনান

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৫:৫০ পিএম

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেছেন, দলীয় কর্মীদের জন্য রাস্তায় নেমেছি, বিষয়টি এমন নয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং মুক্তিযোদ্ধাদের চেতনার অংশ হিসেবে রাস্তায় নেমেছি। সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। তারা ছদ্মবেশে মেয়েদের ওপর হামলা করে অন্যদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ইনান বলেন, কোটাবিরোধী আন্দোলনকারীরা যখন হলে হামলা চালিয়েছে তখন ছাত্রছাত্রীরা বেরিয়ে এসে এই অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। আমরা খুবই অবাক হয়েছি আশপাশের এলাকা থেকেও মানুষজন এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে।

উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষে অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্য নারী শিক্ষার্থীরাও রয়েছেন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদেরকে জরুরি বিভাগের নিউরোসার্জারি ও ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত