যুক্তরাজ্য গেলেন বিমানবাহিনী প্রধান

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৭:১৫ এএম

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সস্ত্রীক ও দুজন সফরসঙ্গীসহ সরকারি সফরে গতকাল সোমবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। দেশটির রয়্যাল এয়ারফোর্স এয়ার চিফ মার্শাল স্যার রিচার্ড নাইটনের আমন্ত্রণে ১৬ থেকে ২৩ জুলাই যুক্তরাজ্য সফর করবেন তিনি। 

সফরকালে বিমানবাহিনী প্রধান রয়্যাল এয়ারফোর্স কর্তৃক আয়োজিত লন্ডনে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল এয়ার অ্যান্ড স্পেস চিফস কনফারেন্স-২০২৪’-এ যোগদান করবেন। উক্ত কনফারেন্সে বিভিন্ন দেশের বিমানবাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যোগ দিচ্ছেন।

এ ছাড়া তিনি লন্ডনে অবস্থিত কানাডিয়ান হাইকমিশনে রয়্যাল কানাডিয়ান এয়ারফোর্সের শতবর্ষীয় সংবর্ধনায় অংশগ্রহণ করবেন। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত