অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরিতে এরই মধ্যে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) দল। শুরুতে দুটো চারদিনের ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস দল। লাল বলের ম্যাচ শেষে দুদলেই আসবে বেশ কিছু পরিবর্তন। সাদা বলের সিরিজের জন্য আলাদা দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মোহাম্মদ হারিসের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় যাওয়া দলটি বাংলাদেশের এইচপি দলের বিপক্ষে একটি ৫০ ওভারের ম্যাচ খেলার পর অংশ নেবে ৯ দলের টপ-এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে যেখানে অস্ট্রেলিয়ার স্থানীয় দলগুলোর সঙ্গে আছে বাংলাদেশও।
পাকিস্তানের হয়ে ৬ ওয়ানডে এবং ৯ টি-টোয়েন্টি খেলা হারিসের নেতৃত্বে যে দলটা অস্ট্রেলিয়া যাচ্ছে, তাতে লাল বলের দল থেকে ৭ জনকে পরিবর্তন করা হয়েছে। হারিসসহ আব্দুল ফাসেহ, আরাফাত মিনহাস, আরিফ ইয়াকুব, জাহানদাদ খান, মোহাম্মদ ইমরান জুনিয়র ও উসমান খান; এই ৭ খেলোয়াড় যোগ দেবেন ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য। এই ক্রিকেটারদের মধ্যে হারিস, মোহাম্মদ ইমরান জুনিয়র এবং উসমান খান বিপিএলে খেলেছেন, ইমরান বাদে বাকি দুজন খেলেছেন জাতীয় দলেও। গত মৌসুমে টপ-এন্ড টি-টোয়েন্টিতে রানার্স আপ হয়েছিল পাকিস্তান শাহিনস, ৪৬ রানে হেরেছিল নর্দান টেরিটোরি স্ট্রাইকার্সের কাছে। এবার শেষ ধাপটা পার করতেই বেশ শক্তিশালী দলই পাঠাচ্ছে পিসিবি। তাদের সঙ্গে কড়া টক্করই হবে বাংলাদেশের কারণ বাংলাদেশের এইচপি দলেও আছেন তানজিদ তামিম, আফিফ হোসেন ধ্রুব, শামিম পাটোয়ারিসহ আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাসমৃদ্ধ বেশ কয়েকজন ক্রিকেটার।
স্বাগতিক নর্দার্ন টেরিটোরি (এনটি) স্ট্রাইকার্সও টপ-এন্ড টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার হয়ে ৮ ওয়ানডে এবং ২৩ টি-টোয়েন্টি খেলা ডার্সি শর্ট আছেন এই দলে, সঙ্গে আছেন বিগব্যাশ লিগ ও পিএসএলে খেলা অভিজ্ঞ লেগস্পিনার জেইক ওয়েদারেল্ড। বাকি ক্রিকেটাররা মূলত স্থানীয় ক্লাব এবং ডেভেলপমেন্ট পর্যায়ের। এই দলটার কোচ বাংলাদেশে এইচপি দলে ও জাতীয় দলে একসময় কাজ করা সাইমন হেলমট, তার সহকারী সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন।
পাকিস্তান শাহিনস দল (ওয়ানডে ও টি-টোয়েন্টি) : মোহাম্মদ হারিস, আব্দুল ফাসেহ, আরাফাত মিনহাস, আরিফ ইয়াকুব, ফয়সাল আকরাম, হাসিবুল্লাহ, মুহাম্মদ ইরফান খান, জাহানাবাদ খান, কাশিফ আলি, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ ইমরান জুনিয়র, ওমর বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, শাহনেওয়াজ দাহানি, উসমান খান।
এনটি স্ট্রাইকস দল : জ্যাকব ডিকম্যান, লাচলান ব্যাংস, হার্শতিক বিমব্রাল, কনর ক্যারল, আইজ্যাক কনওয়ে, কোডি এডমনস্টোন, ম্যাট হ্যামন্ড, হামিশ মার্টিন, ক্যাডেল ম্যাকমোহন, টম মেনজিস, ডার্সি শর্ট, চার্লি স্মিথ, ক্যালান মেলাডে, জেইক ওয়েদারেল্ড।
