অলিম্পিক যে ১০ সুপারস্টারকে একত্র করেছে

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১২:১৭ এএম

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান আজ। তবে দুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে বেশ কিছু ইভেন্টের খেলা। অলিম্পিককে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। ১০ হাজার ৫০০ অ্যাথলেট অংশ নিচ্ছেন প্যারিস অলিম্পিকে। অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলেটদের মধ্যে অনেকেই ক্রীড়া জগতের বলতে গেলে বিশ্বের বড় তারকা।

দেখে নেওয়া যাক প্যারিস অলিম্পিকের ১০ বড় তারকা যাদের ওপর থাকবে বাড়তি নজর- সিমোন বাইলস (যুক্তরাষ্ট্র) : ইতিহাসের অন্যতম সেরা জিমনাস্ট ভাবা হয় সিমোন বাইলসকে। টানা তৃতীয়বারের মতো অলিম্পিকে অংশ নিচ্ছেন তিনি। ২০১৬ রিও অলিম্পিকে চারটি স্বর্ণপদক জেতা বাইলস ২০২১ টোকিও অলিম্পিকে জেতেন রৌপ্য ও ব্রোঞ্জ।

রাফায়েল নাদাল (স্পেন) : তাকে ডাকা হয় কিং অব ক্লে নামে। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাফায়েল নাদাল এবার খেলছেন প্যারিস অলিম্পিকে। ১৪ বারের ফ্রেঞ্চ ওপেন জয়ী নাদাল ডাবলসে খেলবেন স্বদেশি কার্লোস আলকারাজের সঙ্গে। এককে তিনি স্বর্ণ পাবেন আশা ভক্তদের। নাদাল ২০০৮ অলিম্পিকে এককে এবং ২০১৬-তে ডাবলসে স্বর্ণপদক পান।

শেলি-অ্যান ফ্রেজার প্রাইস (জ্যামাইকা) : জ্যামাইকান অ্যাথলেট ফ্রেজার প্রাইস পঞ্চমবারের মতো অংশ নিতে যাচ্ছেন অলিম্পিকে। ৩৭ বছরের ফ্রেজার অলিম্পিকে এখন পর্যন্ত আটটি পদক জিতেছেন। যার মধ্যে আছে তিনটি স্বর্ণ। স্প্রিন্টার ফ্রেজার ১০০ মিটারে স্বর্ণ জেতেন ২০০৮ ও ২০১২ অলিম্পিকে। ২০২০ অলিম্পিকে জেতেন ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে।

লেবরন জেমস (যুক্তরাষ্ট্র) : লেবরন জেমস যুক্তরাষ্ট্রের এনবিএ (ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন’স) এর সর্বোচ্চ স্কোরার। বাস্কেটবলের এই কিংবদন্তি খেলোয়াড় চতুর্থবারের মতো অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন। তবে ২০১২ সালের পর অলিম্পিকে ফিরেছেন ৩৯ বছরের লেবরন জেমস। অলিম্পিকে যুক্তরাষ্ট্র বাস্কেটবল দলের হয়ে তিনবার স্বর্ণপদক জিতেছেন তিনি।

ভিক্টর ওয়েমবানইয়ামা (ফ্রান্স) : ওয়েমবানইয়ামা ফ্রান্সের বাস্কেটবল খেলোয়াড়। তার উচ্চতা ৭ ফিট ৪ ইঞ্চি। প্যারিস অলিম্পিকে সবচেয়ে লম্বা প্রতিযোগী ২০ বছর বয়সী ওয়েমবানইয়ামা।

সেলেব ড্রেসেল (যুক্তরাষ্ট্র) : সাঁতারু ড্রেসেল তৃতীয়বারের অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন। অলিম্পিকে সাতটি স্বর্ণপদক জিতেছেন তিনি। ২০২০ টোকিও অলিম্পিকে জিতেছিলেন পাঁচটি স্বর্ণ। সাঁতারে বেশ কিছু বিশ্ব রেকর্ড ও অলিম্পিক রেকর্ড আছে ড্রেসেলের দখলে।

কেটি লিডেস্কি (যুক্তরাষ্ট্র) : যুক্তরাষ্ট্রের এই নারী সাঁতারু এবার প্যারিস অলিম্পিকে অংশ নেবেন ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে। লিডেস্কি এর আগে অলিম্পিকে ৭টি স্বর্ণপদক জিতেছেন। ২১টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ আছে তার দখলে। তাকে সাঁতারে সর্বকালের সেরাদের একজন ধরা হয়।

নোভাক জকোভিচ (সার্বিয়া) : রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নোভাক জকোভিচ। তবে অলিম্পিকে এখনো স্বর্ণপদক জিততে পারেননি জকোভিচ। ২০০৮ বেইজিং অলিম্পিকে জিতেছিলেন ব্রোঞ্জ পদক। এবার আক্ষেপ ঘোচাতে চাইবেন তিনি।

এলিউদ কিপচোগে (কেনিয়া) : কেনিয়ার এলিউদ কিপচোগে অংশ নেন ম্যারাথন ইভেন্টে। টানা তৃতীয়বারের মতো ম্যারাথনে স্বর্ণপদক জয়ের লক্ষ্যে প্যারিস এসেছেন কেনিয়ার এই অ্যাথলেট। ৩৯ বছরের কিপচোগে সেটি করতে পারেন কি না সেটি দেখার।

স্কাই ব্রাউন (গ্রেট ব্রিটেন) : টোকিও অলিম্পিকে নারী স্কেটবোর্ডিং ইভেন্টে মাত্র ১৩ বছর বয়সে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন গ্রেট ব্রিটেনের স্কাই ব্রাউন। গত বছর স্কেট বোর্ডিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নও হয়েছেন তিনি। ১৬ বছর বয়সী স্কাই ব্রাউনের আছে তারকা খ্যাতি। প্যারিস অলিম্পিকে অংশ নেবেন স্কেট বোর্ডিং ও সার্ফিংয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত