স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রংপুরের আওয়ামী লীগ নেতারা ফেল করেছেন, আপনারা ফেল করায় তারা এসব করতে সাহস পেয়েছে। ঘুরে দাঁড়ালেই আর এসব করতে পারত না। গতকাল বৃহস্পতিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনপ্রতিনিধি, প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ দলীয় কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় নেতাকর্মীদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা বসে ছিলেন কেন? আপনাদের নেতারা বসে ছিল কেন? পকেটে হাত দিয়ে যদি ঘরে থাকেন, তাহলে তারা ঘরে ঘরে ঢুকে মেরে ফেলবে। এর আগে তিনি আইজিপিকে নিয়ে কোটা আন্দোলনে ক্ষতিগ্রস্ত তাজহাট থানা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন, রংপুর মহানগর ডিবি কার্যালয়, নবাবগঞ্জ ফাঁড়ি, জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় পরিদর্শন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার কষ্ট হয়, আপনাদের পার্টি অফিস যখন ভাঙচুর করল, ‘তখন আপনারা নাই। অথচ পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিওতে দেখা গেল মাত্র কয়েকজন এই রকম ঘটনা ঘটিয়েছে। আপনারা সেখানে অবস্থান নিয়ে সন্ত্রাসী ও নাশকতাকারীদের প্রতিহত করতে পারতেন।’
মন্ত্রী পরে বগুড়ায় জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। পরে ব্রিফ করেন।
