ট্রেন চলাচল শুরু হয়নি

টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৭:১৭ এএম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকা ট্রেনগুলোর আসনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। কয়েকটি রুটে লোকাল ট্রেন চালানোর ঘোষণা দিলেও গত দুই দিনে কোনো ট্রেন চলেনি। রেলওয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বুধবার রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছিলেন, গত বৃহস্পতিবার থেকে ঢাকা-টঙ্গী, ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কিছু লোকাল ট্রেন চলাচল করবে। আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু গতকাল শুক্রবার রাত (সাড়ে ৮টা) পর্যন্ত কোনো রুটে ট্রেন চলাচলের খবর পাওয়া যায়নি।

তেজগাঁও রেলওয়ে স্টেশনের ম্যানেজার শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘এখনো ট্রেন চলাচলের বিষয়ে কোনো নির্দেশনা পাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা কাজ শুরু করব। স্টেশন পরিচালনার জন্য আমাদের সব পর্যায়ের জনবল প্রস্তুত আছে।’

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে কবে ট্রেন চলাচল শুরু হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রেন চালু রাখা কোনো বিষয় না, বিষয় হচ্ছে এর নিরাপত্তা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

রেলওয়ের বাণিজ্যিক বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৯ তারিখ থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ওইদিন থেকে ২৪ তারিখ পর্যন্ত ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের রিফান্ড করা হচ্ছে। যাদের টিকিট অনলাইন থেকে কেনা হয়েছে, তাদের অনলাইনে এবং যারা কাউন্টার থেকে কিনেছেন, তাদের কাউন্টারের মাধ্যমে টিকিটের বিপরীতে টাকা ফেরত দেওয়া হচ্ছে। এ সময়ে যেসব আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধ হয়েছে, সেসব ট্রেনের টিকিটের টাকা আন্তঃদেশীর কাউন্টার থেকে ফেরত দেওয়া হচ্ছে।

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম জানান, ট্রেন না চলার কারণে টিকিটের টাকা রিফান্ড করতে হচ্ছে। এটা সবচেয়ে বড় ক্ষতি। বৃহস্পতিবার পর্যন্ত ১৬ কোটি ২৯ লাখ টাকার বেশি রিফান্ড করা হয়েছে। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে রেলওয়ের ক্ষতি হয়েছে ২২ কোটি ৩ লাখ ৮ হাজার টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত