দিনাজপুরের পার্বতীপুরে তেলবাহী একটি ট্রেনের ৬টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সোয়া ১টার দিকে ঢাকা-পার্বতীপুর রেলপথে পার্বতীপুর শহরের উপকণ্ঠে হলদিবাড়ী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তেলবাহী ওই ট্রেনের পরিচালক (গার্ড) মাসুদ রানা বলেন, শুক্রবার বেলা ১টা ১০ মিনিটে পার্বতীপুর থেকে জয়দেবপুর রেলস্টেশনের উদ্দেশে ট্রেনটি যাত্রা করে। বেলা ১টা ১৫ মিনিটে পার্বতীপুর শহরের উপকণ্ঠে হলদিবাড়ী রেলগেট এলাকায় (এমটি) বিটিও তেলবাহী ৬টি ওয়াগন লাইনচ্যুত হয়।
ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সালাম বলেন, ‘ট্রেনের পরিচালক (গার্ড) আমাকে ফোন করে জানালে বিটিও তেলবাহী ওয়াগন ট্রেনটি থামাই।’ তিনি আরও বলেন, ‘ট্রেনের গতি ২০ থেকে ২৫ কিলোমিটারের কম ছিল। ৬টি ওয়াগনের পেছনের ২৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। কয়েক দিন আগে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে ২৬টি বিটিও তেলবাহী ওয়াগনে তেল আনা হয়েছিল।’
এদিকে তেলবাহী ওয়াগন লাইনচ্যুতির ঘটনায় গতকাল বিকেলে রেলের সহকারী নির্বাহী প্রকৌশলীকে (লালমনিরহাট) আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী যান্ত্রিক প্রকৌশলী (এএমই/লালমনিরহাট) ও পরিবহন কর্মকর্তা (এটিও/লালমনিরহাট)। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পার্বতীপুর রেলস্টেশন মাস্টার মো. রফিক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল বিকেল ৪টার দিকে পার্বতীপুর লোকোশেড থেকে আসা রিলিফ ট্রেন (উদ্ধারকারী গাড়ি) লাইনচ্যুত তেলবাহী ট্রেনের বগিগুলো উদ্ধারের কাজ শুরু করে। পার্বতীপুরে কর্মরত রেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্ত জানান, তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় হলদিবাড়ী রেলগেটে প্রায় ১ কিলোমিটার এলাকায় রেলের সিমেন্টের সিøপারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
