নৌকায় ঠাঁই হলো না নাইজেরিয়ার বাস্কেটবল দলের

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৪:৫২ পিএম

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারেনি নাইজেরিয়ার নারী বাস্কেটবল দল। এ বিষয়ে নাইজেরিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ করা না হলেও দলের একজন সদস্য সংবাদ সংস্থা এপি'র কাছে ঘটনা ফাঁস করেছেন।

সেই সদস্যের দাবি, উদ্বোধনী অনুষ্ঠানের নৌকায় উঠতে নাইজেরিয়ার নারী বাস্কেটবল দল ঠিক সময়ে পৌঁছে গিয়েছিল। বাসে করে প্রায় আড়াই ঘণ্টা সময় লাগে খেলোয়াড়দের ভিলেজ থেকে উদ্বোধনী অনুষ্ঠানের জায়গায় পৌঁছনোর জন্য।  তারপরও সেই দলের খেলোয়াড় বা কোচ কাউকেই নৌকায় উঠতে দেওয়া হয়নি।

নৌকায় খেলোয়াড়দের তোলার দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, নৌকা ভর্তি হয়ে গেছে। সেই কারণে তাদের উঠতে দেওয়া হবে না। নাইজেরিয়ার বাকি খেলোয়াড়েরা অবশ্য অন্য দেশের সঙ্গে নৌকা ভাগাভাগি করেছিলেন। শুধু নারী বাস্কেটবল দলের খেলোয়াড়েরা নৌকায় উঠতে না পেরে গেমস ভিলেজে ফিরে যান।

এই নিয়ে তৃতীয়বার অলিম্পিকে অংশ নিয়েছে নাইজেরিয়ার নারী বাস্কেটবল দল। আগামী সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। ২০০৪ সালের অলিম্পিকে কোরিয়াকে হারিয়ে এখন পর্যন্ত অলিম্পিকে একমাত্র জয় পেয়েছিল নাইজেরিয়ার নারী বাস্কেটবল দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত