সমন্বয়কারীদের দ্রুত ছেড়ে দেওয়া হবে : ডিবি

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৬:৫৭ এএম

নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের দ্রুতই ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেছেন, ‘আন্দোলন বন্ধে গত রবিবার সমন্বয়করা যে বিবৃতি দিয়েছে, সেটি জোর করে দেওয়ার অভিযোগ উঠেছে। এটি গুজব। যারা গুজবটি ছড়িয়েছেন তাদের প্রতি অনুরোধ গুজব ছড়াবেন না। ডিবি একটি আস্থার জায়গা। সেখানে কাউকে আটকে রাখা হয় না। জোর করে বিবৃতি নেওয়া হয় না। তারা বরং অনুভব করেছে, সরকার সব দাবি মেনেই নিয়েছে। যে কারণে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে।’

গতকাল সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুন অর রশীদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরাও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ছাত্র ছিলাম। এই ছয় সমন্বয়ক, যাদের নিরাপত্তার স্বার্থে আমরা এখানে এনেছি। তারা আমাদের সঙ্গে আছেন। এই সমন্বয়কারীদের ঘিরে অনেক গুজব চলছে। আমরা তাদের পরিবারের সঙ্গে কথা বলেছিলাম। তাদের পরিবারও সমন্বয়কদের নিরাপত্তাহীনতার কারণে আমরা নিয়ে আসছি। পুলিশ কর্মকর্তা হিসেবে আমরা মনে করি, যদি কোনো ব্যক্তি নিরাপত্তাহীনতা বোধ করেন, আমাদের কাছে আসেন তাহলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাদের দেখভাল করা। সেটাই আমরা করছি।’

ছয় সমন্বয়ককে পরিবারের জিম্মায় ছেড়ে দেবেন কি না? পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘এটা ঠিক নয়, রবিবার রাতেও পরিবারের লোকজন ডিবিতে এসেছে, দেখা করেছে। আজও (গতকাল) দেখা করেছে, কথা বলেছে, সন্তুষ্টি প্রকাশ করেছে। ওরা যে ভালো আছে সেজন্য ধন্যবাদ দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, এই কোটাবিরোধী আন্দোলনটা করেছিল কোমলমতি শিক্ষার্থীরা। তাদের ভেতরে ঢুকে একটি গোষ্ঠী জামায়াত-বিএনপি চক্র ধ্বংসাত্মকমূলক কাজ করেছে। পুলিশ সদস্যকে ঝুলিয়ে হত্যা, মানুষ হত্যা করেছে। রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে আগুন লাগিয়েছে। আমরা মনে করি, যদি আবার চক্রান্তকারীরা ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করে তাহলে এই সমন্বয়কদের নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। সেজন্য তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের দেখা দরকার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত