২০২৩ সালে আয়-ব্যয় দুটোই কমেছে বিএনপির

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৭:১৯ এএম

২০২৩ সালে আগের বছরের তুলনায় বিএনপির আয় ও ব্যয় দুটোই কমেছে। তবে গত বছর আয়ের চেয়ে দলটির ব্যয় বেশি হয়েছে। গত বছর বিএনপির আয় হয়েছে ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা। আর ব্যয় হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা।

গতকাল সোমবার ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দলীয় আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয় বিএনপির একটি প্রতিনিধিদল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বিজন কান্তি সরকার ও সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ হিসাব বিবরণী জমা দেন।

এর আগের বছর ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী, বিএনপির আয় হয়েছিল ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ কোটি টাকা। আর ব্যয় হয়েছিল ৩ কোটি ৮৮ লাখ ৩১ হাজার ৮০৩ টাকা। উদ্বৃত্ত ছিল ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা। সে হিসাবে ২০২২ সালের তুলনায় গত বছর দলটির আয় কমেছে ৮১ শতাংশ।

আয়ের উৎসের ব্যাপারে বিএনপি বলেছে, নির্বাহী কমিটির চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংকের সুদ। অন্যদিকে ব্যয়ের খাত হিসেবে অফিস স্টাফদের বেতন, বিভিন্ন পোস্টার এবং লিফলেট ছাপানো, অফিসের ইউটিলিটি বিল, পত্রিকায় বিজ্ঞাপন, ইফতার পার্টি ও ‘গুম-খুন হওয়া’ নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তার কথা বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত