গাজীপুরের কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে মেয়ের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার জালুয়াভিটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মান্নান সরকার (৯০) জালুয়াভিটি এলাকার মৃত তমেজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মান্নান সরকার চারটি বিয়ে করেছেন। দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার চার পক্ষের সন্তানদের মধ্যে বিরোধ চলে আসছিল।
গত সোমবার সন্ধ্যায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা মান্নান সরকারের সঙ্গে দ্বিতীয় পক্ষের মেয়ে মনোয়ারা বেগম ও তার ছেলে রাজীব হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেয়ে মনোয়ারা তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করে বলে অভিযোগ করেন মান্নান সরকারের অন্যপক্ষের সন্তানরা। পরে তাকে একটি অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে বাড়ির বাইরে চলে যায় মেয়ে মনোয়ারা ও তার ছেলে রাজীব। এরপর রাত সাড়ে ৮টার দিকে তারা আবার অ্যাম্বুলেন্সে মান্নান সরকারের লাশ নিয়ে বাড়িতে আসে। কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম জানান, তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যাবে।
