আন্দোলন ধ্বংসে দায় চাপানো হচ্ছে বিরোধী দলগুলোর ওপর

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০২:৫৬ এএম

চলমান কোটা সংস্কার আন্দোলন নস্যাৎ করতেই বিরোধী দলগুলোর ওপর সহিংসতার দায় চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী। তিনি বলেন, সরকারের প্রতারণা এখন পরিষ্কার। তারা সব আন্দোলনকে ধ্বংস করতে চায়। তাই অতীতের মতো এবারও বিরোধী দলগুলোর ওপর সহিংসতার দায় চাপানো হচ্ছে।

গতকাল বুধবার রাজধানীর পল্টনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ‘কোটা সংস্কার আন্দোলনে নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সরকারের পদত্যাগের দাবি’ শীর্ষক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকী বলেন, ‘ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ নিজেদের জেদ ও ভেতরের স্বৈরাচারী চরিত্র প্রদর্শন করতে গিয়ে একদিকে ছাত্র আন্দোলনকে অপমানিত করেছে, অন্যদিকে ভয়ংকরভাবে দমন করেছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমন নজির এর আগে আমরা দেখিনি। সরকার এত লাশের মিছিল, এত লাশ তারা তৈরি করেছে, তাকে ঢাকতে পারছে না।’

সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সহিংসতা হয়েছে অনেকগুলো স্থাপনায়, এটা কারা করেছে, আমরা স্বাধীন নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত চাই। কিন্তু তার আগেই কারা এসব কাজ করেছে তার দায় চাপিয়ে দিচ্ছেন। সব দোষ তারা আন্দোলকারীদের ওপর দিয়েছেন, বিরোধী দলের ওপর দিয়েছেন। এর মধ্যে আমরা দেখলাম যে, তারা নির্বিচার গ্রেপ্তার-হয়রানি ও হেফাজতে নিয়ে নির্যাতন করছে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘এখন সরকার শুধুমাত্র টিকে আছে প্রশাসনের ওপর নির্ভর করে। সরকারের ভাগ্য এখন চিকন সুতার ওপরে ঝুলছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের পেশাদার বাহিনী তারা যদি শুধু পেশাদারি দায়িত্ব পালন করে, এই সরকার পালিয়ে যাওয়ার আর কোনো পথ পাবে না।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেএসডির সহসভাপতি তানিয়া রব, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব আবু ইউসুফ সেলিম ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত