সারা দেশে চলমান উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। এরই মধ্যে পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে স্থগিত পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করা হলো। আগামী ১১ আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর একসঙ্গে ২১,২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই সারা দেশের স্কুল-কলেজ-মাদ্রাসা-পলিটেকনিক ইনস্টিটিউট, পাবলিক ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
আমাদের টাঙ্গাইল ও রাজবাড়ী প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ১১ কলেজ ও রাজবাড়ীর সরকারি কলেজের শিক্ষার্থীরা চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের গুলি করে হত্যা, হামলা ও গ্রেপ্তারকৃতদের মুক্তিসহ বিভিন্ন দাবি না মানা পর্যন্ত চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে। টাঙ্গাইলের নিজ নিজ কলেজের নামে খোলা ফেসবুকে গ্রুপে পোস্ট করে এবং রাজবাড়ী সরকারি কলেজের অফিশিয়াল প্যাডে এই ঘোষণা দেওয়া হয়। তবে কলেজ কর্তৃপক্ষ এই প্যাড তাদের না বলে দাবি করেছেন।
