ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৬:১৮ এএম

ঢাকার নবাবগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলা সদরে বেসরকারি ক্লিনিক ‘নিউ লাইফ মেডিকেল সার্ভিস সেন্টারে’ সিজারের সময় ডাক্তারের অবহেলায় মৃত্যু হয়েছে বলে দাবি নবজাতকের পিতা ইমরান হোসেনের। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নবাবগঞ্জের আগলা এলাকার বাসিন্দা ইমরান হোসেন বলেন, গত সোমবার এই ক্লিনিকে আমার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখালে সবকিছু ঠিক আছে বলে শুক্রবার (গতকাল) সিজার করতে হবে বলে জানায়। গতকাল শুক্রবার সকালে ক্লিনিকে সিজার করার পর দায়িত্বরত চিকিৎসক শামীমা নাসরিন বলেন বাচ্চার অবস্থা বেশি ভালো না। পরে শিশু বিশেষজ্ঞ ডাক্তার এসে নবজাতককে দেখে মৃত ঘোষণা করেন।

শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ফুয়াদ গালিব বলেন, সিজারের পর ডা. শামিমা আমাকে নবজাতকের শারীরিক অবস্থা দেখতে বলেন। গিয়ে দেখতে পাই শিশুর যে পরিমাণ নিঃশ্বাস নেওয়ার কথা তা নেই। এরপর সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচানো সম্ভব হয়নি।

ক্লিনিকটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল আওয়াল বলেন, আমাদের কোনো ত্রুটি ছিল না। আগে থেকেই গর্ভবতী সন্তানের শ্বাস-প্রশ্বাস কমতি ছিল বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম বলেন, তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত