কোটা আন্দোলন এখন ছাত্রজনতা হত্যার বিচারের দাবিতে রূপ নিয়েছে উল্লেখ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, আজকে নির্বিচার গুলি, গণগ্রেপ্তার, গুম ও অন্যায়-জুলুমের বিরুদ্ধে এবং ছাত্রহত্যার বিচারের দাবিতে দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ। আমাদেরও অকুণ্ঠ সমর্থন রয়েছে। বাবুনগরী বলেন, আমরা রক্তে ভেদাভেদ করি না। ন্যায়ের পক্ষে এবং জুলুম-বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে নিহতরা শহীদ। আর শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। তাদের রক্তের পথ বেয়েই আমাদের জাতীয় জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। গতকাল শুক্রবার বাদ আছর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
কোটা সংস্কার আন্দোলনে শাহাদাত বরণকারী ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা ও চলমান সংকট থেকে উত্তরণে এ দোয়া মাহফিল হয়।
