যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে নির্বাচনি বিতর্কে রাজি হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ৪ সেপ্টেম্বর দুই রাজনীতিকের প্রকাশ্য বাগ্যুদ্ধ দেখবে আমেরিকা। ওই দিন প্রথম বারের জন্য বিতর্কে অংশ নেবেন কমলা এবং ট্রাম্প।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বিতর্কে রাজি থাকার কথা জানিয়েছেন। তিনি বলেন, “আগামী ৪ সেপ্টেম্বর (বুধবার) কমলা হ্যারিসের সঙ্গে ফক্স নিউজের প্রস্তাবিত নির্বাচনি বিতর্কে অংশ নিতে আমি রাজি হয়েছি। এর আগে এবিসি ঘুমন্ত জো বাইডেনের সঙ্গে এই বিতর্কের আয়োজন করেছিল। তবে তা বাতিল হয়ে গিয়েছে। কারণ বাইডেন আর প্রেসিডেন্ট পদপ্রার্থী নন।”
ট্রাম্প আরও বলেন, “২৭ জুনে বাইডেনের বিরুদ্ধে সিএনএন আয়োজিত বিতর্কে যে নিয়মে হয়েছিল, আগামী বিতর্কটিও সে নিয়মেই হবে। ডিবেটের পরই বাইডেনের দল তার ব্যাপারে চরম সিদ্ধান্ত নিয়েছিল। তবে সিএনএন এর সেই বিতর্কে লাইভ দর্শকশ্রোতা ছিল না। কিন্তু এবার তা থাকবে।”
পেনসিলভেইনিয়ায় এই বিতর্ক হবে বলে জানান ট্রাম্প, যদিও বিতর্কের স্থান এখনও নির্ধারিত হয়নি। ট্রাম্পের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিয়ে বাইডেন খারাপ করার পর তার শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন।তার জায়গায় এবার এসেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ফলে নতুন করে তার সঙ্গে প্রেসিডেন্সিয়াল বিতর্ক হতে চলেছে ট্রাম্পের।
প্রসঙ্গত, গত জুন মাসে সিএনএন আয়োজিত বিতর্কসভায় অংশ নিয়েছিলেন ট্রাম্প এবং জো বাইডেন। সেই বিতর্কসভায় বাইডেনের ক্ষীণ কণ্ঠস্বর, কথার খেই হারিয়ে ফেলা নিয়ে ডেমোক্র্যাটদের অন্দরেই আলোচনা শুরু হয়ে যায়। বাইডেনের পরিবর্তে ডেমোক্র্যাট পদপ্রার্থী হিসাবে প্রচার শুরু করে দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
শুক্রবার ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান জেমি হ্যারিসন জানান, কমলা হ্যারিস আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য ডেমোক্র্যাটিক প্রতিনিধিদের কাছ থেকে যথেষ্ট সংখ্যক ভোট পেয়ে গিয়েছেন। জয় নিশ্চিত হওয়ার পর কমলা নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছেন, “আমি সম্মানিত।” তিনি লিখেছেন, “ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পেরে আমি সম্মানিত।”
প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনের অনলাইন ভোটিং প্রক্রিয়া শেষ হবে আগামী সোমবার। আগস্টের ৭ তারিখ ডেমোক্র্যাট দলের ‘পার্টি কনভেনশনে’ আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং তার রানিং মেট, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।
কেরালায় ভূমিধসের ৫ দিন পরও নিখোঁজ ৩০০