টাঙ্গাইল জেলার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, মেয়র, চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি এবং দলের যেসব নেতা দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন গত সোমবার রাতেই তারা আত্মগোপনে চলে গেছেন। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদের কাউকে শহরে দেখা যায়নি। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে গত সোমবার রাতে টাঙ্গাইল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ওইদিন রাতের মধ্যে পরিবারসহ টাঙ্গাইল ছেড়ে চলে যাওয়ার সময় বেঁধে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে নির্বাচিত মেয়র, চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি এবং দলের দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত নেতাদের দেখা যায়নি। আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যদের জেলা শহর বা তাদের নিজ এলাকায় দেখা যায়নি। এ বিষয়ে ওইসব নেতাদের মোবাইল ফোনে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
আ.লীগের নেতারা আত্মগোপনে গিয়েছেন কি না জানতে চাইলে টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুর কিছু জানেন না বলে জানান।
