র্যাবের মহাপরিচালক পদে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যারিস্টার হারুন অর রশীদকে সরিয়ে তাকে নিয়োগ দেওয়া হলো।
অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে (চলতি দায়িত্ব) নিয়োগ দেওয়া হয়েছে সিআইডির উপমহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে।
গতকাল বুধবার এ দুটি পদে রদবদল করা হয়। এদিন দায়িত্ব বুঝে নিয়েছেন ডিএমপির নতুন কমিশনার। আর আজ বৃহস্পতিবার র্যাব মহাপরিচালকের দায়িত্ব বুঝে নেবেন।
এর আগে গতকাল ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আগের দিন মঙ্গলবার রাতে পুলিশের নতুন মহাপরিদর্শক পদে ময়নুল ইসলামকে নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই দিন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
পুলিশ সূত্র জানায়, কয়েক দিনের মধ্যে আরও বড় ধরনের রদবদল করা হচ্ছে। পুলিশ সদর দপ্তরসহ সবকটি ইউনিট প্রধানদের বদলি করা হচ্ছে।
