অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপতির সিদ্ধান্তক্রমে গতকাল বৃহস্পতিবার তাকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই দিনে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীর ও মেহেদী হাছান চৌধুরী।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ ছাড়লেন দুজন : ব্যক্তিগত কারণ দেখিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীর ও মেহেদী হাছান চৌধুরী। গতকাল রাষ্ট্রপতি বরাবর দুজন পদত্যাগপত্র পাঠিয়ে দেন। ২০২০ সালের ১ সেপ্টেম্বর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন এস এম মুনীর। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ছিলেন। মেহেদী হাছান চৌধুরী নিয়োগ পেয়েছিলেন ২০২১ সালের ২৪ জানুয়ারি। এর আগে গত মঙ্গলবার ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। ২০২১ সালের ২৪ জানুয়ারি তিনি এ পদে নিয়োগ পেয়েছিলেন।
