রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনের ২৯ কর্মকর্তা ও প্রশাসক পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগ করা প্রশাসক ও কর্মকর্তারা হলেন, উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পা-ে, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ ১২ জন সহকারী প্রক্টর, মীর আবদুল কাইয়ুম ডরমেটরির ওয়ার্ডেন আতাউর রহমান রাজু, বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের পরিচালক অধ্যাপক শেখ শামসুল আরেফিন, বিশ্ববিদ্যালয় ছাপাখানার প্রশাসক মোহাম্মাদ শাখাওয়াত হোসেন, লিগ্যাল সেলের প্রশাসক সাদিকুল ইসলাম সাগর, সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরির পরিচালক সায়েদ মুস্তাফিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসাইন সরকার, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওর্যান্স সেলের পরিচালক দুলাল চন্দ্র রায়, অতিরিক্ত পরিচালক অধ্যাপক মশিউর রহমান ও আবদুর রশিদ সরকার, ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজের পরিচালক আবদুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) প্রশাসক অধ্যাপক জাফর সাদিক, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক অধ্যাপক মাহফুজুর রহমান, টিএসসিসির পরিচালক ড. মিজানুর রহমান খান এবং কলেজ পরিদর্শক অধ্যাপক শহীদুল আলম।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বিকেল সাড়ে ৩টার দিকে জানান, আচার্য বরাবর আধা ঘণ্টা আগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, তিনি ও সব প্রক্টরিয়াল বডির সদস্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এতে সবাই ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। এদিকে ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদও রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান বলেন, এখন পর্যন্ত ২৮ জনের পদত্যাগপত্র হাতে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
