অলিম্পিকে দলগত ইভেন্টে, আরও সোজাসাপ্টা বললে কেবল হকি থেকেই এত দিন তিনবার স্বর্ণের দেখা পেয়েছিল পাকিস্তান। ব্যক্তিগত ইভেন্টে অবশেষে দেশটির দীর্ঘ অপেক্ষার পালা ফুরাল। ভারতের নিরাজ চোপড়াকে হারিয়ে সোনা জিতে দেশটির ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন আরশাদ নাদিম।
বৃহস্পতিবার রাতে জ্যাভেলিন
থ্রোতে ৯২.৯৭ মিটার দূরত্ব স্পর্শ করেছেন নাদিম। ২৭ বছর বয়সী এই অ্যাথলেট স্বর্ণ জেতার সঙ্গে গড়েছেন নতুন অলিম্পিক রেকর্ডও। ২০০৮ বেইজিং অলিম্পিকে নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেনের ৯০.৫৭ মিটারের কীর্তি ছাপিয়ে যান তিনি। নাদিমের সৌজন্যে ৩২ বছরের পদক খরাও কেটেছে পাকিস্তানের। অলিম্পিকে তাদের শেষ পদকটি এসেছিল ১৯৯২ সালে বার্সেলোনায়।
সবশেষ টোকিও অলিম্পিকে স্বর্ণ জেতা নীরাজ এবার অতিক্রম করেছেন ৮৯.৪৫ মিটার। কুঁচকির চোটের কারণে চলমান আসরে ঠিকমতো প্রস্তুতি নিতে না পারা এই অ্যাথলেট জিতেছেন রৌপ্য। ৮৮.৫৪ মিটার ছুড়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরও বড় স্বপ্নের কথা তুলে ধরেন নাদিম, ‘আমি আরও দূরে যাওয়ার আশা করছিলাম। ৯২.৯৭ মিটার নিয়ে আমি অবশ্য সন্তুষ্ট। কারণ এটি আমাকে স্বর্ণ এনে দিয়েছে। তবে আমি এই থ্রোকে ৯৫ মিটারের ওপরে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাব।’
টোকিওতে পঞ্চম হওয়া নাদিম পরের বছর বার্মিংহামে কমনওয়েলথ গেমসে জিতেছিলেন স্বর্ণ। কিন্তু সেই ইভেন্টে ছিলেন না নীরাজ। গত বছর বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিলেন দুজন। সেবার নীরাজের পেছনে থেকে রৌপ্য জেতা নাদিম এবার তাকে টপকে হয়েছেন অলিম্পিকের সেরা।
