এগিয়ে থেকেও সোনার স্বপ্ন দেখা ফ্রান্সকে শেষ পর্যন্ত হতাশায় ডুবিয়েছেন যুক্তরাষ্ট্রের স্টিফেন কারি। ২ মিনিট ১১ সেকেন্ডের ব্যবধানে চারটি ৩ পয়েন্টের শট নিয়ে সব আলো নিজের দিকে কেড়ে নেন তিনি। তাতেই ৯৮-৮৭ ব্যবধানে জিতে প্যারিসের বের্সি অ্যারেনায় স্বর্ণপদকটি নিজেদের করেই রেখে দেন মার্কিনিরা। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো অলিম্পিক বাস্কেটবলের ১৭তম শ্রেষ্ঠত্ব অর্জন করল যুক্তরাষ্ট্র।
কিংবদন্তি কারি ফাইনালে ২৪ পয়েন্ট স্কোর করে অলিম্পিক সোনা জয়ের স্বাদ পেয়েছেন প্রথমবার। সর্বকালের সেরাদের একজন লেব্রন জেমস ১৪ পয়েন্টে পান তৃতীয় স্বর্ণ। আর ডুরান্টের গলায় চতুর্থবারের মতো উঠেছে স্বর্ণপদক। পুরুষদের বাস্কেটবলে প্রথম খেলোয়াড় হিসেবে চারটি সোনা জিতলেন তিনি। আবারও রৌপ্যপদকেই সন্তুষ্ট থাকতে হয়েছে ফ্রান্সকে। গত টোকিও অলিম্পিকেও যুক্তরাষ্ট্রের কাছে হেরে ফ্রেঞ্চদের গলায় উঠেছিল রুপা। প্যারিসে এবার ব্রোঞ্জ জিতেছে সার্বিয়া।
