ফেনীতে যানজট তথা ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বরত ছাত্রদের নাম ভাঙিয়ে বিভিন্ন সড়কে চাঁদা আদায় করার সময় গতকাল রবিবার দুপুরে সাতজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।
জানা যায়, ফেনীতে সড়ক-মহাসড়ক ও শহরের বিভিন্ন স্থানে যানজট নিয়ন্ত্রণে দায়িত্বরত ছাত্রদের নামে কয়েক দিন ধরে শহরের বিভিন্ন স্থানে চাঁদা উত্তোলন করে আসিছল একদল যুবক। গতকাল এমন সংবাদে ছাত্ররা শহরের মহিপালসহ বিভিন্ন স্থান থেকে সাত চাঁদাবাজকে আটক করে সেনাবাহিনী সদস্যদের হাতে তুলে দেয়। সেনাসদস্যরা চাঁদাবাজদের আটক করে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।
এদিকে ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শহরের কোথাও চাঁদাবাজির সংবাদ পেলে সঙ্গে সঙ্গে তাদের আইনের আওতায় আনা হবে। এমন ঘটনায় চালকরাও সন্তোষ প্রকাশ করেছেন।
সিএনজিচালিত অটোরিকশার চালক ইকবাল পরান বলেন, আটক ব্যক্তিরা বিভিন্ন গাড়ি থেকে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজদের আটক করায় গাড়িচালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে তিনি জানান।
