সাভারে জমি দখলচেষ্টা স্বেচ্ছাসেবক দল নেতার

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৭:০৮ এএম

ঢাকার সাভারে অন্যের জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুম আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী মো. আবুল কালাম আজাদের ভাষ্যমতে, তার দখলীয় সম্পত্তিতে গত ৮ আগস্ট স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম আহমেদ তার শ্বশুর মৃত মো. নাজির হোসেনের ওয়ারিশদের নামে জোরপূর্বক একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়ে বর্তমান দখলদারদের প্রাণনাশের হুমকি দেন।

ভুক্তভোগীর অভিযোগ ও মামলার নথি সূত্রে জানা যায়, সাভারের ব্যাংক কলোনি এলাকার (ছাপড়া মসজিদের কাছে) ছোট বলিমেহের মৌজার বিআরএস ৩৫৬৮ নম্বর দাগের ৫ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন মো. আবুল কালাম আজাদ। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে স্বেচ্ছাসেবক দলের মাসুম আহমেদ ওই জমিতে রাতের আঁধারে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে দখলের চেষ্টা করছেন। দখলচেষ্টার বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মো. মাসুম আহমেদ বলেন, ‘আমি কোনো জমি দখলের সঙ্গে জড়িত নই। একটি মহল আমার রাজনৈতিক সুনাম নষ্ট করার জন্য অপপ্রচার চালাচ্ছে। তবে সাভারে আমার শ্বশুরের একটি জমি আছে, যেটি আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়ে দখলের চেষ্টা করছেন।’

জানতে চাইলে মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমি ২০১২ সাল ক্রয়সূত্রে মালিক হয়ে সেমিপাকা ভবন নির্মাণ করে ভোগদখল করে আসছি। বর্তমানে সেখানে পুরাতন স্থাপনা সরিয়ে নতুন করে বহুতল ভবন নির্মাণ করতে গেলে মাসুম আহমেদ বাধা দেন। কিছুদিন আগে অবৈধভাবে মালিকানা দাবিদার সুরাইয়া সুলতানাগংরা আদালতে একটি পিটিশন মামলা করেন। তদন্ত শেষে ওই মামলায় সাভারের সহকারী কমিশনার (ভূমি), সার্ভেয়ার ও থানার তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী আমি বৈধ মালিক প্রমাণিত হয়েছি। এখন জোরপূর্বক আমার জমি দখলের চেষ্টা চালানোয় আমি আতঙ্কে আছি।’ এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এস এম রাসেল ইসলাম নূর বলেন, ‘জমির কাগজপত্র না দেখে কোনটা কার জমি সেটি বলা সম্ভব নয়।’ জমির কাগজপত্র সঠিক থাকলে ভুক্তভোগীকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত