মানিকগঞ্জের সিংগাইরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এক যুবক খুন হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে নারীসহ নিহত হয়েছেন আরও ছয়জন। জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর।
সিংগাইর (মানিকগঞ্জ) : গত সোমবার গভীর রাতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সাদ্দাম হোসেন (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন। উপজেলার সায়েস্তা ইউনিয়নের নীলটেক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন ওই এলাকার আয়ূব খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আওলাদ হোসেনের ছেলে মিরাজ (৩৪) ও তার সহযোগীরা ওই এলাকায় একটি মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলে কারবার চালিয়ে আসছিলেন। এ নিয়ে প্রতিপক্ষ মাদকাসক্ত সাদ্দাম হোসেন তাদের ব্যবসায় বাধা হয়ে দাঁড়ান। এ ঘটনার জেরে মিরাজ ও তার সহযোগী কিছু মাদক কারবারি তার ওপর ক্ষিপ্ত হয়। সুযোগ বুঝে সোমবার রাত সাড়ে ১২টার দিকে জরুরি কথা আছে বলে মিরাজ ও তার সঙ্গে থাকা কয়েকজন সাদ্দাম হোসেনকে বাড়ি থেকে ডেকে নেন। পরে চর কানাইনগর বিশ্বাসপাড়া সেতুর নির্জন স্থানে নিয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন।
লাশের সুরতহালকারী সিংগাইর থানার এসআই আব্দুল মোতালেব জানান, নিহতের মাথা, ঘাড়সহ পাঁচটি স্থানে কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বরিশাল : নগরীর সড়কে ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীরা তল্লাশির সময় ডাকাত সন্দেহে এক তরুণকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল ভোরে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম রাসিব আকন (১৯)। তিনি বরগুনা বেতাগী উপজেলার হোসনাবাদের ছোপখালী এলাকার বাসিন্দা ইউনুস আকনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান।
বগুড়া : সদর উপজেলার ফুলবাড়ি বারুনী মেলা সেতু এলাকায় বাবর আলী (৫০) নামে এক মুদি দোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত বাবর আলী বগুড়া পৌরসভার আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে। নারুলী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাদ হোসেন বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনা : আটপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় আব্দুল লতিব (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আরও দুজন গুরুতর আহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার পাহাড়পুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিব উপজেলার বানিয়াজান ইউনিয়নের পাহাড়পুর গ্রামের আলী আকবর ফকিরের ছেলে। আটপাড়া থানার ওসি তাওহীদুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন।
গফরগাঁও (ময়মনসিংহ) : লংগাইর ইউনিয়নের হাওয়াখালী গ্রামে গতকাল দুপুরে মাজেদা খাতুন (৫৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহত গৃহবধূর স্বামী আব্দুল খালেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পাগলা থানার ওসি খায়রুল বাসার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শার্শা (যশোর) : বেনাপোলের পুটখালী সীমান্তের শূন্যরেখা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বিজিবি। গতকাল দুপুরে সীমান্তের ইছামতি নদীর পাড়ে শূন্যরেখা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত জানান, খুলনা-২১ বিজিবি তাদের কাছে মরদেহটি হস্তান্তর করেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গুরুদাসপুর (নাটোর) : নাজিরপুর ইউনিয়নের বীরবাজার এলাকায় গতকাল সকালে চোর সন্দেহে উজির আলী (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত উজির আলী পাশের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের কালিনগর গ্রামের খোরশেদ মাদারের ছেলে। গুরুদাসপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।
