‘আওয়ামী লীগ’ নিয়ে দেওয়া অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ‘রসহ্যঘেরা’ অভিহিত করে তা প্রত্যাহার এবং তার পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
গতকাল মঙ্গলবার সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে ছাত্র-জনতার মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। তিনি দেশের ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেইমানি এবং বিশ্বাসঘাতকতা করেছেন। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার বক্তব্য প্রত্যাহারপূর্বক ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে। অন্যথায় দেশের ছাত্র-জনতা বসে থাকবে না।’
আওয়ামী লীগকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে নজিরবিহীন গণহত্যা চালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা সরকার। সবকিছু উপেক্ষা করে ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।’
