কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের পাশাপাশি পুরো দেশই উত্তাল হয়ে উঠেছে। গতকাল বুধবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের আউটডোর ও বেসরকারি হাসপাতালে ওপিডি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল।
চিকিৎসকদের এই সংগঠনের ডাকা কর্মবিরতির ফলে বুধবার সব সরকারি ও বেসরকারি চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার জরুরি পরিষেবা বাদ দিয়ে কোনো ধরনের পরিষেবা দেবেন না চিকিৎসকরা। যেভাবে একজন চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই হাইকোর্টের রায়ে কলকাতা পুলিশের কাছ থেকে তদন্তের সিদ্ধান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইর হাতে হস্তান্তর করা হয়েছে। এদিকে কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা।
