দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে : ফখরুল

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৫:০৩ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ষড়যন্ত্রকারীরা নতুন নতুন কৌশল আবিষ্কার করে। সেটা কী? সংখ্যালঘুদের ওপর অত্যাচার। ম্যাডাম (খালেদা জিয়া) খুব সুন্দর করে বলেছেন, বাংলাদেশে কোনো মাইনোরিটি নেই, বাংলাদেশের সবাই বাংলাদেশি নাগরিক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ আমরা সবাই মিলে একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। সেই সূত্রে হিন্দু সম্প্রদায়কে আলাদা করে যারা দেখে তাদের সঙ্গে আমরা একমত নই। কিন্তু তাদের (হিন্দু সম্প্রদায়) ক্ষেপিয়ে দেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি কাকরাইল থেকে ফকিরেরপুল পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশে রূপ নেয়।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে (১৫ আগস্ট) তো চেষ্টা করেছিলেন, আপনারা যাবেন, ৩২ নম্বরে গিয়ে ফুল দেবেন। কারও তো আপত্তি ছিল না। কিন্তু ছাত্ররা তা হতে দেননি। কারণ এই মানুষটাকে (হাসিনা) আর দেখতে চায় না। এক হাসিনা সারা দেশে যত আওয়ামী লীগার ছিল, সবাইকে ক্ষুদে হাসিনা বানিয়েছে।’ ছাত্র-জনতার বিপ্লবকে সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকের সমাবেশের ব্যানারে লেখা আছে, গণহত্যাকারী হাসিনার খুনি। সেসহ তার দোসরদের আমরা বিচার চাই। বিচার আল্লাহ করছে, আরও করবে। অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে জনগণ আস্থা দিয়েছে। একটু স্বস্তি ফিরিয়ে এনে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন করবে। আমরা চাই, নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হোক। আমরা যৌক্তিক সময়ও দিতে চাই। একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। এই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি খালেদা জিয়ার ও তারেক রহমানের নেতৃত্বে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত