সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হওয়া নতুন চার উপদেষ্টা। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে তারা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
এ চার উপদেষ্টা হলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শ্রদ্ধা নিবেদনের পর নতুন চার উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর তারা সৌধ প্রাঙ্গণে একটি করে গাছের চারা রোপণ করেন।
স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘বড় একটি চ্যালেঞ্জ আমাদের সামনে, দেশকে সর্বতোভাবে নতুন করে গড়ে তোলার বড় দায়িত্ব। গতকাল (শুক্রবার) শপথ নেওয়ার পর আজ (গতকাল) আমরা বীর শহীদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছি।’ এ সময় ছাত্র আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘৫২ থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলনেই ছাত্ররা নতুন যুগের সূচনা করেছে। সবশেষে এবারের যে ছাত্র আন্দোলন এটা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এখন বাংলাদেশকে পুনর্নির্মাণের দায়িত্ব আমাদের ওপরে। দোয়া করবেন আমরা যেন সেই দায়িত্বের কিছুটা হলেও পালন করতে পারি।’
এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, ‘আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে রাষ্ট্রের যে প্রশাসনযন্ত্র আছে সেগুলোকে গতিশীল করা, জনগণ যাতে সেবা নিতে, কল্যাণ করতে পারে সেজন্য চেষ্টা করা।’
এর আগে গত শুক্রবার বিকেলে বঙ্গভবনে এই চার উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে রাতে তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।
