খুবির প্রধান ফটক এখন ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৭:০৭ এএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রধান ফটকের নাম ‘বিজয় তোরণ’ থেকে পাল্টে ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে খুবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন। ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ লেখা একটি পোস্টারও প্রধান ফটকে সাঁটিয়ে দেন তারা।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরায় সংঘর্ষ চলাকালে গত ১৮ জুলাই গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তার মৃত্যুর পরপরই ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ‘ভাই, পানি লাগবে কারও, পানি’ কথাটি বারবার বলছিলেন মুগ্ধ। তিনি খুবির গণিত ডিসিপ্লিন থেকে ২০২৩ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর মুগ্ধ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) প্রফেশনাল এমবিএ করছিলেন। তিনি একজন ফ্রিল্যান্সার ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আইমান আহাদ বলেন, ‘শহীদ মীর মুগ্ধ ভাইয়ের স্মরণে খুবির প্রধান ফটকের নাম “শহিদ মীর মুগ্ধ তোরণ” ঘোষণা করছি। মুগ্ধ ভাই শহীদ হয়েও আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল। সারা দেশের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না।’

মুগ্ধর বন্ধু গণিত ডিসিপ্লিনের শিক্ষার্থী কাজী অর্ণব বলেন, ‘আমার বন্ধু মুগ্ধ ছিল একজন ম্যাজিক্যাল বয়। সে যেখানেই যেত ম্যাজিক ছড়াত। জীবিত অবস্থায় সে আমাদের জন্য অনেক কিছু দিয়েছে। এখন সে পুরো জাতিকে দিচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয় যত দিন রবে, তত দিন রয়ে যাবে আমার বন্ধুর স্মৃতি।’

এ সময় উপস্থিত খুবির শিক্ষক অধ্যাপক ড. মো. হায়দার আলী বিশ্বাস, অধ্যাপক ড. মো. নূরুন্নবী, অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, অধ্যাপক ড. মো. নুর আলম, অধ্যাপক শরীফ মোহাম্মদ খান, সহযোগী অধ্যাপক আবুল ফজল ও ইমতিয়াজ মাশরুর প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত