কুমিল্লার দেবিদ্বারে কামরুজ্জামান মাসুদ নামের আ.লীগ নেতা দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেছেন। তিনি উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও একই ইউপি চেয়ারম্যান। গতকাল শনিবার দুপুরে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন তিনি।
দুধ দিয়ে গোসল করার সময় কামরুজ্জামান মাসুদ বলেন, ‘আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দলীয় চেয়ারম্যান নই। আমি কখনোই চাইনি ছাত্র-জনতার বিপক্ষে যেতে। গত ৪ আগস্ট দলের সিনিয়র নেতারা যে ছাত্র-জনতা নিহত হয়েছেন তাদের স্মরণে শোক প্রকাশ করা হবে বলে দেবিদ্বার সদরে নিয়ে গেছে। সেখানে গিয়ে দেখলাম ছাত্র-জনতার সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়েছে। যা মেনে নিতে পারিনি। তাই স্বেচ্ছায় দল ত্যাগ করলাম।’
তিনি বলেন, ‘দীর্ঘ দিন আমি আ.লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে মামলা-হামলা ছাড়া কিছুই পাইনি। আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু তারা দেয়নি। সব সময় একই দলের অন্য নেতাকর্মীদের হামলার শিকার হয়েছি। আমি স্বেচ্ছায় সজ্ঞানে ফতেহাবাদ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।’
