সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৫১টি একক ও দ্বৈত বেঞ্চে বিচারকাজ আজ থেকে শুরু হচ্ছে। এর মধ্যে ২৪টি দ্বৈত ও ২৭টি একক বেঞ্চ রয়েছে।
গত বৃহস্পতিবার প্রধান বিচারপতির নির্দেশিত ৫১ বেঞ্চ গঠন-সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ শপথ নেওয়ার পরদিন ১২ আগস্ট থেকে ৮টি বেঞ্চে বিচারকাজ শুরু হয়। পরদিন আরও একটি বেঞ্চ বাড়িয়ে ৯টি বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। এরপর বৃহস্পতিবার ৫১টি বেঞ্চ গঠন করেন তিনি।
সপ্তাহে তিন দিন বসবে চেম্বার আদালত : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম সপ্তাহে তিন দিন চেম্বার আদালতে মামলার শুনানি গ্রহণ করবেন। গত বৃহস্পতিবার আপিল বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম সপ্তাহে প্রতি রবি, সোম ও বুধবার দুপুর সোয়া ২টা থেকে উপস্থিত থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে যথারীতি শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি হাফিজুল আলম ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টে : বিচারপতি কে এম হাফিজুল আলম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রত্যাবর্তন করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে গত বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
