রাউজানে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২  

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৩:৪৬ পিএম

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘বিএনপির দুই পক্ষের সংঘর্ষ বা মারামারির কোনো তথ্য আমরা পাইনি। এ বিষয়ে কেউ অভিযোগও করেনি।

স্থানীয় সুত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা একটি মিছিল বের করেন। এ সময় মিছিলে হামলা চালান বিএনপি  চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকারের অনুসারীরা। এতে দুই পক্ষের মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহতরা হলেন- রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জানি আলম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন আজম, রাউজান উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শুক্কুর, রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিম, যুবদল নেতা আজাদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ তারেক, মোহাম্মদ জাগির ও মোহাম্মদ গিয়াস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত