ভবিষ্যতের জন্য লড়ছে ভেনেজুয়েলা!

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১২:৪৭ এএম

ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট ঘনীভূত। গত মাসের বিতর্কিত নির্বাচনের পর নিজেদের সমর্থিত প্রেসিডেন্ট প্রার্থীর জয় দাবি করে এখনো বিক্ষোভ করে চলেছে দেশটি বিরোধী জোট। স্থানীয় সময় গত শনিবার দেশজুড়ে বিভিন্ন নগরীতে বিরোধী জোটের নেতাকর্মী ও সমর্থকরা সড়কে নেমে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের অনেকের ভাষ্য, তাদের জীবনে আর পাওয়া-না পাওয়ার কিছু নেই। এই লড়াই জিততে তারা মরতেও প্রস্তুত। কারণ, আগামী প্রজন্মের জন্য একটা ভালো ভবিষ্যৎ তৈরি করতে চান তারা।

গত ২৮ জুলাই ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়। ৫২ শতাংশ ভোট পেয়েছেন জানিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। টানা তৃতীয় মেয়াদে আরও ছয় বছরের জন্য প্রেসিডেন্ট হন তিনি। তবে ফলাফল প্রত্যাখ্যান করে বিরোধী দলগুলোর জোট বলছে, ভোটে কারচুপি করা হয়েছে। তাদের সমর্থিত প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ ৬৭ শতাংশ ভোট পেয়েছেন। ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই তা প্রত্যাখ্যান করে বিরোধী জোট বিক্ষোভ করছে।

বিক্ষোভকারীদের শক্ত হাতে দমন করার কৌশল গ্রহণ করেছেন মাদুরো। বিক্ষোভ দমনে তিনি পুলিশ ও সেনা মোতায়েন করেছেন। গত ২৯ জুলাই থেকে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৪০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত হয়েছেন অন্তত ২৩ জন। শনিবার রাজধানী কারাকাসের পূর্বাঞ্চলে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হন। ভিড়ের ঠিক মাঝখানে একটি ট্রাকের ওপর দাঁড়িয়ে বিরোধী জোটের নেতা মারিয়া কোরিনা মাচাদো স্বাধীনতা এবং আন্তর্জাতিকভাবে নির্বাচনপ্রক্রিয়ার সচ্ছতা যাচাইয়ের দাবি জানান।তিনি সমর্থকদের সড়কে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বানও জানান। তিনি বলেন, জনগণের আওয়াজের ওপর আর কিছু নেই এবং জনগণকে কথা বলতে হবে। আমরা সড়ক ছাড়ব না।

শনিবার বিক্ষোভে অংশ নেওয়া ৫২ বছরের এক নারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা এরই মধ্যে সবচেয়ে খারাপটা দেখে ফেলেছি, আমাদের আর ভয় নেই। আমার মেয়ে মারা গেছে। কিন্তু আমি আমার নাতি-নাতনিদের জন্য একটি ভবিষ্যৎ চাই।

এদিকে রাস্তায় যারা বিক্ষোভ করছেন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে যারা বিক্ষোভকে সমর্থন ও মাদুরোর সমালোচনা করেছেন, তাদের দমন করায় মাদুরো সরকারের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মাদুরোর সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও। তিনি নিকোলাস মাদুরোর শাসনকে অপ্রিয় এবং স্বৈরাচারী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভেনেজুয়েলা এখন একটি খুবই অপ্রিয় শাসন ব্যবস্থার অধীনে রয়েছে।

লুলা বলেন, মাদুরো তৃতীয় মেয়াদে নির্বাচনে জয়লাভের দাবি করলেও এখনো কোনো প্রমাণ দেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত