আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইস্ট এশিয়া-প্যাসিফিক বাছাইপর্বের ম্যাচে এক ওভারে ৩৯ রানের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব।
গতকাল ভানুয়াতুর বিপক্ষে খেলতে নেমেছিল সামোয়া। এই ম্যাচেরই প্রথম ইনিংসে সামোয়ার ব্যাটসম্যান দারিউস ভিসের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ ৩৯ রান তুলে ইতিহাস গড়েছেন। ক্রিকেট বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওভারে ছয়টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি। আর তার এ ইতিহাস গড়ার পথ সহজ করে দিতে ওই ওভারে ভানুয়াতুর পেসার নালিন নিপিকো করেছেন ৩টি নো বল।
ম্যাচের ১৫তম ওভারে নিপিকো বোলিংয়ে এলে তাণ্ডব চালান ভিসের। ৩৯ রান তুলে যুবরাজ সিং-এর ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৬ রানের ওভার ছাড়িয়ে যান ভিসের। এছাড়া কাইরন পোলার্ড ২০২১ সালে এবং দিপেন্দ্র সিং আইরি ২০২৪ সালে ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন।
২২ গজে তাণ্ডব চালানো ভিসের ৬২ বলে ১৩২ রান করেন। সেঞ্চুরি হাঁকানোর পর বল হাতে ৪ ওভারে ২৯ রান খরচায় ১টি উইকেটও ঝুলিতে ভরেন ভিসের। হয়েছেন ম্যাচসেরা।
