নতুন আরও ৬ মামলা

শেখ হাসিনার সঙ্গে আসামি রেহানা জয় পুতুল

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৬:৪০ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে ফরিদ শেখ নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২১ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা হয়েছে। অন্যদিকে আন্দোলনের সময় রাজধানীর আদাবর এলাকায় সোহেল রানা নামে এক পোশাককর্মী হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৫ জন এবং লক্ষ্মীবাজারে কবি নজরুল কলেজের ছাত্র ওমর ফারুক হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে ঢাকার আদালতে। গতকাল মঙ্গলবার ঢাকার তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদনগুলো করা হয়।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিন বিক্ষোভকারীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে একইদিন ঢাকার বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি মামলা হয়েছে। এর মধ্যে বগুড়ায় রিকশাচালক কমরউদ্দিন বাঙ্গী, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জনি নামে এক পরিবহন শ্রমিক এবং জয়পুরহাটে গুলিতে অটোরিকশাচালক মেহেদী হাসান শেখ নিহতের ঘটনায় মামলাগুলো করা হয়।

যাত্রাবাড়ীতে ফল ব্যবসায়ী ফরিদ শেখের মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় শেখ হাসিনা ছাড়াও তার ছোট বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আসামি করা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাই মাসের প্রথমে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন চলতি মাসের শুরুতে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনে পরিণত হয়। প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ওইদিন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর গত কয়েক দিন হত্যার অভিযোগে শেখ হাসিনা, তার সরকারের সময়ের মন্ত্রী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতনদের বিরুদ্ধে গতকাল পর্যন্ত ২৪টি হত্যা মামলা হয়েছে। এর বাইরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল পর্যন্ত চারটি অভিযোগ জমা পড়েছে।

ফরিদ শেখ হত্যা মামলা : যাত্রাবাড়ীতে গুলিতে নিহত ফরিদ শেখের বাবা মো. সুলতান শেখ গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদের আদালতে মামলার আবেদন করেন। শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২১ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করা হয়। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। এ মামলায় আরও উল্লেখযোগ্য আসামিরা হলেন ১৪-দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জাতীয় সমাজতান্দ্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট বিকেলে ফরিদ শেখ যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজার দক্ষিণ দিকের রাস্তা পার হয়ে তার ফলের দোকানে যাওয়ার সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদী অভিযোগে বলেন, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানার নিজস্ব কোনো পেশা নেই, তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে বহাল রেখে বাংলাদেশের টাকা লুট করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাচার করা। এজন্য তারা শেখ হাসিনাকে তার পোষ্য বাহিনী দিয়ে নির্বিচারে মানুষ হত্যার বিষয়ে কুপ্ররোচনা দেন।

আদাবরে সোহেল রানা হত্যা মামলা : গত ৫ আগস্ট আদাবর থানা এলাকায় গুলিতে নিহত হন পোশাককর্মী সোহেল রানা। এ ঘটনায় শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করে গতকাল ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে মামলার আবেদন করেন নিহতের ভাই ইব্রাহীম। বাদীর জবানবন্দি শুনে বিচারক আদাবর থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, শেখ ফজলে নূর তাপস, মো. আসাদুজ্জামান খান, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ ও ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

কবি নজরুল কলেজ শিক্ষার্থী ফারুক হত্যা : রাজধানীর লক্ষ্মীবাজারের হাজীর বিরিয়ানির সামনে গুলিতে কবি নজরুল কলেজের ছাত্র ওমর ফারুক নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে মামলাটি করেন নিহতের মা কুলছুমা আক্তার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সূত্রাপুর থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয়।

বগুড়ায় রিকশাচালক কমরউদ্দিন হত্যা মামলা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বগুড়ায় রিকশাচালক কমরউদ্দিন বাঙ্গী নিহতের ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৮২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুপুরে নিহতের স্ত্রী তহমিনা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় এ মামলা করেন। মামলার এজাহারে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।

সোনারগাঁয়ে পরিবহন শ্রমিক জনি হত্যা মামলা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গুলিবিদ্ধ হয়ে পরিবহন শ্রমিক জনি নিহতের ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে মামলা হয়েছে। গতকাল সোনারগাঁ থানায় নিহত জনির বাবা ইয়াসিন বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও আসাদুজ্জামান খান, ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী ও আবদুল্লাহ আল কায়সারসহ ১৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।

জয়পুরহাটে অটোরিকশাচালক মেহেদী হত্যা মামলা : শেখ হাসিনা সরকারের পতনের দিন রাতে জয়পুরহাটে গুলিতে অটোরিকশাচালক মেহেদী হাসান নিহতের ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও হাছান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের স্ত্রী জেসমিন আখতার বৃষ্টি বাদী হয়ে গতকাল দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে এ সংক্রান্ত অভিযোগ জমা দেন। বিচারক অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে জয়পুরহাট সদর থানার ওসিকে নির্দেশ দেন।

সাবেক আইজিপিসহ ১৫ পুলিশের বিরুদ্ধে মামলা : বিএনপিপন্থি আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে ঢাকা বারের আইনজীবী হান্নান ভূঁইয়া এ সংক্রান্ত অভিযোগ জমা দেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে কোতোয়ালি থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এ মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, লালবাগ জোনের ডিসি জাফর হোসেন, সাবেক এসি শাহীনুল রহমান, বর্তমান ডিসি প্রসিকিউশন আনিসুর রহমান, সাবেক এডিসি মুহিত কবির সেরনিয়াবাত, সাবেক এডিসি লালবাগ জোন শহিদুল ইসলাম, কোতোয়ালি থানার সাবেক ওসি শাহিনুর রহমান, ওসি (অপারেশন) নাজমুল হাসান, ওসি (তদন্ত) মেহেদী হাসান, এসআই শাহাবুদ্দিন হাওলাদার, কনস্টেবল মো. মাহবুব আলম, মো. আবদুর রশীদ, রমজান মোল্লা ও বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফাহেয়াত উদ্দিন রক্তিম।

নিজস্ব ও আদালত প্রতিবেদক এবং সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিদের দেওয়া তথ্যে প্রতিবেদনটি তৈরি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত