সিটির সেবা নিশ্চিতের আশ্বাস প্রশাসকদের

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৬:৫৮ এএম

দেশের ১২টি সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করেছে সরকার। গতকাল মঙ্গলবার তারা এ দায়িত্ব বুঝে নিয়েছেন। কেউ কেউ প্রজ্ঞাপন জারির পরপর অর্থাৎ সোমবার বিকেলেই দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব নিয়ে প্রশাসকরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সচল রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে চলমান উন্নয়ন কর্মকান্ডে গতি সঞ্চারে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) প্রশাসক হিসেবে যোগ দিয়ে মো. মাহমুদুল হাসান সব সেবা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি বলেন, ডিএনসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবার পরিসর বৃদ্ধি করতে পদক্ষেপ নেওয়া হবে। ডিএনসিসির কার্যক্রমে তরুণ ছাত্রদের অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, ‘বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। তাই ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে। খালের ময়লা পরিষ্কার করে ও অবৈধ দখলমুক্ত করে খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ অন্যান্য সব নৈমিত্তিক সেবা অব্যাহত রাখা হবে।’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক ড. মহ. শের আলীও নাগরিক সেবা কার্যক্রম অব্যাহত রাখার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘কাউন্সিলরদের মাধ্যমে যে সেবাগুলো দেওয়া হয়, সে বিষয়গুলোর কী হবে এবং তাদের অবস্থানের বিষয়ে সরকার কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেবে। তবে কাউন্সিলরদের যে অফিসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সে অফিসগুলোর বিষয়ে আমরা নজর দিচ্ছি। যাতে সেবাগুলো আমরা আরও সুন্দরভাবে দিতে পারি। আমরা আশা করছি, সাম্প্রতিক সময়ের কোনো বিষয়ই নাগরিক সেবাদান কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে না।’

প্রশাসক শের আলী আরও বলেন, ‘জন্ম-মৃত্যু নিবন্ধনসংক্রান্ত যে সমস্যা ছিল, সেটি দূর হয়েছে। এখন আমরা কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে এ সেবা দিচ্ছি। এ ছাড়া ট্রেড লাইসেন্স বা অন্যান্য সেবা প্রদানে আমরা সর্বোচ্চ ওয়াকিবহাল। আমরা সর্বোচ্চ সেবা দিতে চাই। যদি ইচ্ছাকৃতভাবে কোনো কর্মকর্তা বা কর্মচারীর কারণে ট্রেড লাইসেন্স প্রদানসহ অন্যান্য সেবা প্রদান কার্যক্রমে কোনো ধরনের সমস্যা হয়, তাহলে তার বিরুদ্ধে আমরা আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেব।’

গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্ব নিয়ে ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেছেন, ‘বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চায়। সেই আদর্শের জায়গা থেকে আইন ও নীতিবহির্ভূত যেকোনো কাজ থেকে গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সরকারের প্রশাসন যন্ত্রকে দূর করতে আমরা কাজ শুরু করেছি। যে জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়, তাদের সেবা যেন পরিপূর্ণ দিতে পারি।’

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এ সময় তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার আমার প্রথম কাজ হচ্ছে মৌলিক কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সচল করা, যাতে নাগরিক ভোগান্তি না হয়। পাশাপাশি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে স্বল্পমেয়াদি, মধ্যমমেয়াদি ও দীর্ঘমেয়াদি কাজ ঠিক করা হবে।’

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক পদে দায়িত্ব নিয়ে বিভাগীয় কমিশনার মো. শওকত আলী কর্মরত সবাইকে সঠিক সময়ে অফিসে আসা এবং ত্যাগ করার নির্দেশনা দেন। এ ছাড়া যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় টিমওয়ার্কের মাধ্যমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এর আগে গত সোমবার পৃথক প্রজ্ঞাপনে ১ হাজার ৮৭৬ জন জনপ্রতিনিধিকে সরিয়ে দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত