স্বাস্থ্য শিক্ষার ডিজি ও দুই এডিজি ওএসডি

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৭:১৬ এএম

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও দুই অতিরিক্ত মহাপরিচালককে (এডিজি) স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে। এই কর্মকর্তারা হলেন মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ ও অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মো. কামরুল হাসান।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত আওয়ামী লীগপন্থি চিকিৎসক কর্মকর্তাদের পদত্যাগ ও অপসারণের দাবি জানিয়ে আসছে বৈষম্যবিরোধী চিকিৎসকের ব্যানারে সাধারণ চিকিৎসক ও বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এমন প্রেক্ষাপটে গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয় এই তিন কর্মকর্তাকে ওএসডি করে। আন্দোলনকারীরা অন্যদের সঙ্গে এই তিনজনের পদত্যাগেরও দাবি জানিয়ে আসছে। ওএসডি হওয়া এই তিনজনই সরাসরি আওয়ামী লীগের পেশাজীবী রাজনীতির সঙ্গে যুক্ত।

বিসিপিএস গেটে চিকিৎসকদের তালা : আগামী তিন কর্মদিবসের মধ্যে সব বকেয়া ভাতা পরিশোধসহ ৭ দফা দাবি আদায়ে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। গতকাল মঙ্গলবার সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিসিপিএসে অবস্থান নেন আন্দোলনকারী দুই শতাধিক চিকিৎসক। পরে তারা গেটে তালা ঝুলিয়ে দেন।

আহতদের সুচিকিৎসায় অধিদপ্তরের হটলাইন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসায় এবং আহত বা নিহতদের তথ্য পাঠাতে হটলাইন নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য বাতায়ন (২৪/৭ কল সেন্টার) নম্বর ১৬২৬৩ এবং অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, হটলাইন নম্বরগুলো ০১৭৫৯১১৪৪৮৮, ০১৭৬৯৯৫৪১৯২।

গতকাল অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসার প্রয়োজনে এবং আহত বা নিহতদের জন্য তথ্য পাঠানোর জন্য হটলাইন নম্বরগুলো সচল রয়েছে।

ড্যাবের বিবৃতি : স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে কতিপয় ব্যক্তির দুর্ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। গতকাল এক বিবৃতিতে বলা হয়, ১৯ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের মহাখালী হাসপাতালে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা গত ফ্যাসিষ্ট স্বৈরাচারী সরকারের দোসর, উচ্চপদে আসীন ও সুবিধাভোগী অধ্যাপক ডা. রোবেদ আমিনের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে কথা বলতে যান। এমতাবস্থায় কতিপয় ব্যক্তি উপদেষ্টার সঙ্গে অসৌজন্য আচরণ করেন, যা মোটেও কাম্য নয়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম বিবৃতিতে জানান, ড্যাবের কোনো চিকিৎসক ওই ঘটনার সঙ্গে জড়িত নন। যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সেদিন ড্যাবের কোনো সাংগঠনিক কর্মসূচি ছিল না। বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য খাতে নেওয়া গঠনমূলক পদক্ষেপে ড্যাবের সমর্থন থাকবে বলে জানানো হয়। পাশাপাশি বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর নয় এমন একজন সৎ ও যোগ্য চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদে পদায়নের জন্য স্বাস্থ্য উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত