বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব দুর্নীতি নির্মূল করার ঘোষণা দিয়েছেন বিমান পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরী। তিনি বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে আমি দিতে এসেছি, কিছু নিতে আসিনি।’
গতকাল মঙ্গলবার বলাকা ভবনের কনফারেন্স রুমে বিমানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিমান পরিচালনা পর্ষদের নতুন এই চেয়ারম্যান।
আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সার্বিক কার্যক্রম ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর তত্ত্বাবধানে পরিচালিত হবে। দ্রুতই একজন ব্যবস্থাপনা পরিচালক ও সিইওকে নিয়োগ প্রদান করা হবে।’
তিনি উপস্থিত বিমান কর্মকর্তা-কর্মচারীদের বলেন, ‘আপনারা যদি আমাকে চান, তাহলে আমার কথা শুনতে হবে। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।’
মুয়ীদ চৌধুরী তার কর্মকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন উল্লেখযোগ্য অর্জনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তার সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি লাভজনক এয়ারলাইনস ছিল। তিনি বিমানের সব সিদ্ধান্ত ব্যবসায়িক বিবেচনায় গ্রহণ করেছিলেন। কখনো কোনো অন্যায় আবদার বা প্রভাবের কাছে মাথানত করেননি।
বিমান পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে যাত্রীসেবার মানোন্নয়নে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে এয়ারপোর্টে এবং ইন-ফ্লাইটে কোনো যাত্রী যেন হয়রানির শিকার না হয়। বিমানের টিকিট যেন সর্বসাধারণের কাছে সহজলভ্য হয়।
