হামলার মুখে শক্তি বাড়াচ্ছে রাশিয়া

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১২:৪৪ এএম

দুই সপ্তাহ আগে ইউক্রেনের সেনারা রাশিয়ার ভেতর ঢুকে পড়ে এবং সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অভিযান শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই এখন রাশিয়ায় বিদেশি সেনাদের আক্রমণের সবচেয়ে বড় ঘটনা। মস্কো এখন কুরস্ক থেকে ইউক্রেনের সেনাদের তাড়িয়ে দিতে সেখানে শক্তি বাড়াচ্ছে। রুশ বাহিনীর সঙ্গে যোগ দেবে চেচনিয়ার সেনাবাহিনীও। গত মঙ্গলবার চেনেন সেনা ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি দেখতে চেচনিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।

এদিকে রাশিয়ায় বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গতকাল বুধবার এই হামলা চালানো হয় বলে জানান রুশ কর্মকর্তারা। রুশ কর্মকর্তারা বলেছেন, ক্রেমলিন থেকে প্রায় ৩৮ কিলোমিটার দক্ষিণে তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এ ছাড়া ব্রায়ানস্ক অঞ্চলের সীমান্তে ধ্বংস করা হয়েছে ১৫টি ড্রোন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে বলেন, তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এগুলো রাজধানী মস্কোয় হামলার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। মস্কো অঞ্চলের পোডলস্ক শহরে এগুলো ভূপাতিত করা হয়। মস্কোর মেয়র বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে, সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

রুশ বার্তা সংস্থা আরআইএর প্রতিবেদনে বলা হয়, তুলা অঞ্চলে দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে। মস্কো অঞ্চলের পাশেই এটির অবস্থান। রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের রোস্তভ অঞ্চলের গভর্নর ভাসিলি গোলাবেভ বলেন, তার এলাকাকে লক্ষ্যবস্তু করে ইউক্রেনের পাঠানো একটি ড্রোন ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেন ঠিক কতগুলো ড্রোন পাঠিয়েছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ-সংক্রান্ত বিভিন্ন খবরের সত্যতা তাৎক্ষণিক ও নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ইউক্রেনীয় কর্র্তৃপক্ষ।

সাম্প্রতিক মাসগুলোয় রুশ ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইউক্রেন। দেশটির উদ্দেশ্য যুদ্ধের ক্ষেত্রে রাশিয়ার ব্যবহৃত প্রধান প্রধান অবকাঠামো ধ্বংস করে দেওয়া। এ ছাড়া অব্যাহত রুশ হামলার জবাব হিসেবেও কাজ করছে ইউক্রেনের এসব পাল্টা হামলা। তবে রাশিয়ার কুরস্ক অঞ্চলে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে ইউক্রেনের বাহিনী। এই অগ্রযাত্রার অন্যতম লক্ষ্য হলো, পূর্ব ইউক্রেন থেকে রুশ বাহিনীর অগ্রযাত্রা থেকে দূরে সরিয়ে রাখতে চাপ প্রয়োগ করা। তবে এর মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলের ছোট শহর নিউ-ইয়র্ক নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। তারা বলেছে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের জনবহুল এলাকাগুলোর দিকে এগিয়ে যাওয়ার অংশ হিসেবে এই শহর নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। তবে নিউ-ইয়র্ক শহরটি হাতছাড়া হওয়ার খবর এখনো স্বীকার করেনি ইউক্রেনের সেনাবাহিনী। তবে বলেছে, রুশ বাহিনী এই শহরের কাছে এবং অন্যান্য এলাকায় হামলা চালিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত