বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল বুধবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল বলেছেন, ‘আমরা মনে করি, বাংলাদেশের জনগণের প্রতি চীনের যে কমিটমেন্ট, প্রতিশ্রুতি ডেভেলপমেন্ট এবং একই সঙ্গে তারা পরিষ্কার করে বলেছেন, তারা (চীন) আধিপত্যবাদে বিশ্বাস করে না।’
তিনি বলেন, ‘বহু আগে থেকেই চীন বাংলাদেশের জনগণের প্রতি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে, দিচ্ছে। চীন সারা বিশ্বে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটাও আমরা অ্যাপ্রিশিয়েট করছি। বিশেষ করে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোয় চীন যেভাবে অর্থনৈতিক সহযোগিতা করছে, সেটার জন্য তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি।’
চীনের রাষ্ট্রদূতের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানানোর বিষয়টি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা (চীন) মনে করে, বিএনপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে এবং বাংলাদেশের উন্নয়ন ও জনগণের উন্নয়নের জন্য চীনের যে বিনিয়োগ সেটা আরও বাড়বে। খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাদের স্বাগত জানিয়েছি।’
দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে চলমান রাজনৈতিক, অর্থনৈতিকসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি ও আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
